ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে দগ্ধ বাবা আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম এ টি এম রফিকুল হুদা (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

রফিকুল হুদার ভাই এ টি এম সিরাজুল হুদা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, আজ ভোর চারটার দিকে রফিকুল মারা যান। এখন তাঁর মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে আসা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন  বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।

নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরে নিজের মা-বাবার শরীরে আগুন দেয় এক কিশোর। এতে কিশোরের বাবা রফিকুল হুদা গুরুতরভাবে দগ্ধ হন। আর মা সিলভিয়া হুদা সামান্য দগ্ধ হন।

এমবিএইচ