ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রাতে ডাকাত সন্দেহে পুলিশের গুলিতে মালু মিয়া ওরফে সাকিব নামের এক যুবক নিহত হন। তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরা এলাকায় ডাকাত সন্দেহে পুলিশের গুলিতে মালু মিয়া ওরফে সাকিব (৩৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সাকিবের বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের দাবি, সাকিব ডাকাত দলের সদস্য। তার সঙ্গে গোলাগুলির সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক, কনস্টেবল জুয়েল রানা, আশিকসহ চার পুলিশ সদস্য আহত হন। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ আরো জানায়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাঁচটি গুলি ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, গতকাল রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মালু মিয়া ওরফে সাকিব আহত হন। পরে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, নিহত সাকিবের ডান পায়ে গুলি ও মৃত্যুর বিষয়টি রহস্যজনক। সাকিবের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা-ও জানাতে পারেনি পুলিশ।

এমএ