রংপুরে যৌতুকের দাবিতে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার স্বামী হারেছ মিয়া (৩০)।
সোমবার (২৭ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার বুজরুক শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হারেছ মিয়া মিঠাপুকুর উপজেলার আব্দুল হাইয়ের ছেলে।
এলাকাবাসীর জানান, চার বছর আগে পূর্বমুরাদপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের সঙ্গে বিয়ে হয় হারেছ মিয়ার। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দেয় শরিফাকে। শরিফা তার বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে অস্বীকৃতি জানালে শুরু হয় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন।
দুপুরে হারেছ মিয়া বেধড়ক মারপিট করে শরিফাকে। মারপিটের এক পর্যায়ে শরিফার মৃত্যু হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন ঘরের আঁড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ সময় হারেছ মিয়াকে আটক করা হয়েছে।
এ ঘটনায় শরিফার ভাই বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওএফ





