টঙ্গীর জোড়া খুনের এজাহারভুক্ত দুই আসামির বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ওই সব অস্ত্র উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ওই মামলার গ্রেফতারকৃত আসামি সুমনের দেয়া তথ্য অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে মামলার এজাহারভুক্ত অপর আসমি মোবারক ও হিরার বাড়িতে অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় হিরার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি কিরিচ, একটা সামুরাই, দুইটি চাইনিজ কুড়াল এবং মোবারকের বাড়ি থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। খুনের পর থেকে মোবারক ও হিরা পলাতক রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মে রাতে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর এরশাদনগর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলাউদ্দিনের ছেলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ডের সভাপতি শরিফুল ইসলাম শরিফ (৩২) এবং তার সহযোগী একই এলাকার বাসিন্দা হারুনের ছেলে জুম্মন মিয়াকে (২৬) হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

এআই