মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে অপহৃত ইউনিয়ন যুবলীগ নেতাকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে বিকেলে একটি পরিত্যক্ত জমি থেকে অপহরণকারীদের ব্যবহৃত তিনটি মুখোশ ও যুবলীগ নেতার রক্তমাখা জামা-কাপড় ও জুতা উদ্ধার করেছে পুলিশ।

ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিককে (৪০) বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় ৬/৭ ব্যক্তি মাইক্রোবাসে করে উত্তর কাজীর পাগলা গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে অপহরণ করে নিয়ে যায়।

জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ অপহৃত যুবলীগ নেতাকে উদ্ধার করতে পারেনি। তবে তাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। অপহরণকারীদের শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

মেদেনীমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাজীর পাগলা গ্রামের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, অপহরণকারীরা মুখোশ পরিহিত অবস্থায় জোরপূর্বক যুবলীগ নেতাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী ও যুবলীগ নেতাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ