নড়াইলের লোহাগড়া উপজেলার সিঙ্গা গ্রাম থেকে সাত বছরের শিশু স্কুলছাত্র রমজানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রমজান সিঙ্গা গ্রামের ইলু শেখের ছেলে।
রমজানের খালা লাকি বেগম জানান, প্রায় চার বছর আগে রমজানের মা মাবিয়া বেগম অসুস্থতার কারণে মারা যান। রমজান সৎ মায়ের সংসারে বড় হচ্ছিল। লাকির অভিযোগ, সৎ মা রমজানকে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে।
লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে শিশু রমজান বাড়ি থেকে স্কুলে যায়। এ সময় তার সঙ্গে আরো দুই সহপাঠী ছিল। তবে স্কুল ছুটির পরও রমজান বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা খোঁজ করেন।
একপর্যায়ে বিকেলে রমজানদের বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রমজান সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড, না অন্য কারণে রমজানের মৃত্যু হয়েছে; তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
এএস





