খুলনায় বালুবাহী একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের মহিরউদ্দিন সানার মেয়ে হোটেল শ্রমিক রেশমা খাতুন (৩২), শরাফপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও তার স্ত্রী শিউলি বেগম (১৮) এবং একই গ্রামের বাসিন্দা সিএনজি চালক ইলিয়াস সরদার (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ডুমুরিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। খুলনা সাতক্ষীরা-সড়কের ডুমুরিয়া উপজেলাধীন পূর্ব জিলেরডাঙ্গায় বালুবাহী একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৯৪) সিএনজিটিকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীভর্তি সিএনজিটি রাস্তার ডান পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়। পরে ট্রাকটি সিএনজির ওপর গিয়ে আছড়ে পড়ে।

খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজন নারীসহ চারজনের লাশ উদ্ধার এবং তুহীন (২) নামে আহত সিএনজির এক যাত্রীকে উদ্ধার করে। নিহত চারজনের লাশ ও আহত তুহীনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বালুভর্তি ট্রাকটি রাকিব (২২) নামের হেলপার চালাচ্ছিল। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এমবি