থানচি উপজেলায় ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেইসঙ্গে গাছপালা এবং উঠতি ফসল ব্যাপক নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন।
বৃহস্পতিবার রাতের পর আবার শুক্রবার সকালে শুরু হওয়া ঝড়োবৃষ্টিতে বান্দরবানের থানচিসহ বেশ ককেয়কটি উপজেলায় ঘরবাড়ি ও ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, থানচি বাজার, মরিয়ম পাড়া, সমিতি পাড়া, ত্রিপুরা পাড়া, বয়ংক হেডম্যানপাড়াসহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সঙ্গে যুক্ত হয় শিলাবৃষ্টি। এতে প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়েছে ঘরে থাকা বই-পুস্তক, বিছানা, খাদ্যসামগ্রী, খাদ্যশস্যসহ সবকিছু। এছাড়া থানচি পোস্ট অফিসও ভেঙে যায়। উপড়ে পড়ে বেশকিছু গাছপালা।
থানচি বাজারের নুরুল আমিন জানান, ভোরে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে তাদের বাড়ির টিনের চালা উড়ে যায়। এ সময় বৃষ্টিতে তাদের ঘরের যাবতীয় কিছু ভিজে নষ্ট হয়ে গেছে।
টিএন্ডটি এলাকার মহসিন মিয়া জানান, তার ঘরের টিন ঝড়ে উড়ে যাওয়ায় তিনি এখন খোলা আকাশের নীচে। ঘরে যে খাবার ছিল তাও নষ্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত কেউ সাহায্যের জন্য আসেননি ।
চাষি আবুল কালাম বলেন, ‘শিলা বৃষ্টিতে প্রায় আধা একর জমির তরমুজ চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একদম নিঃস্ব হয়ে গেছি।’
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা বলেন, ‘প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরের টিন ঝড়ে উড়ে গেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন উপাসনালয়। ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়ার মত উপজেলা পরিষদের নিজস্ব কোনো ফান্ড না থাকলেও পরবর্তীতে সাহায্যের জন্য ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নিরুপণ করে সাহায্য দেয়ার ব্যবস্থা করছি।’
জেআই





