ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন পিছিয়ে অবশেষে বসানো হলো পদ্মা সেতুর ১২তম স্প্যান। স্প্যানটি বসানোর ফলে এখন সেতুর ১ হাজার ৮০০ মিটার দৃশ্যমান।
মাঝনদীতে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর এটি বসার পর দৃশ্যমান হলো ১৮শ মিটার সেতু। ধীরে ধীরে সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুপাড়ের মানুষ।
সোমবার (৬ মে) সকাল ৯টা। মাওয়ার ইয়ার্ডে ব্যাপক প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেন চলার পথে সব নৌযান সরিয়ে নেয় সেনাবাহিনী। এরপর নির্ধারিত পিলারের দিকে শুরু হয় যাত্রা।
সেতু বিভাগের এক উপসহকারী প্রকৌশলী জানান, আজ সকাল সোয়া নয়টায় মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১২তম স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন। সকাল ১০টা ৫ মিনিটে স্প্যানটি ২০ ও ২১ নম্বর পিয়ারের (খুঁটি) কাছে পৌঁছায়। এরপর স্প্যানটি পিয়ারে স্থাপনের কাজ শুরু করেন প্রকৌশলীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্প্যানটি বসানো হয়।
গত ২৩ এপ্রিল ১১তম স্প্যানটি বসানো হয়েছিল। এদিন শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যান। তখন সেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু।
এএস





