ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেছেন, বিজ্ঞান ভিত্তিক পড়ালেখা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ২দিন ব্যাপী ঢাকা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ বিজ্ঞানীরা জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে, যা তাদের অন্যের প্রতি সহনশীল আচরণে উদ্বুদ্ধ করে।

সর্বস্তরে বিজ্ঞানের সৃষ্টি ও দৈনন্দিন জীবনে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলা শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কমিশনার ঢাকা বিভাগ এর কার্যালয় এর আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসন, আনন্দমোহন কলেজ এর সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়েছেন। এসব স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীরা নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন।    

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্ষুদে শিক্ষার্থীদের আবিস্কৃত নানা রকমের প্রযুক্তির স্টল পরিদর্শন করেন।

এমকে