মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডের জগনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন-মো. নাজমুল হোসেন (২৫), মো. জাহাঙ্গীর মিয়া (২৮), মাহফুজ খান (২৬), শিপন মিয়া (২২) ও মানিক মিয়া (২৮)। এদের সবার বাড়ি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এসএপি) এস এম সিরাজুল হুদা জানান, মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পরে সেখান থেকে দা, রামদা, ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে জেলা ও উপজেলার বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





