বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
এদিকে, আব্দুল আউয়াল মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যে কারণে মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তার বিপক্ষে প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল করা হয়েছে।
কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন খোকন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলেও জানান তিনি।
এর আগে বিকাল ৪টার কিছু পরে আপিল আবেদনের শুনানি শুরু হয়ে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত চলে।
এদিকে প্রথমে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায়ের পরে বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর অপিল শুনানি শুরু হয়।
সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পিন্টুর আপিলের শুনানি চলছিল।
মেয়রপ্রার্থী মিন্টু ও পিন্টুর পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া ও বদরুদ্দোজা বাদল।
তাদের দু'জনেরই মনোনয়নপত্র বুধবার (০১ এপ্রিল) বাছাইকালে বাতিল হয়। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণের এই দুই প্রার্থী আইনজীবীর মাধ্যমে সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার (০২ এপ্রিল) আপিল করেন।
জেডআই/জেআই





