নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে ছাগলে ক্ষেতের পাট খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত কৃষক আব্দুল গফ্ফার শেখ চাপুলিয়া গ্রামের মৃত রোকন উদ্দিন শেখের ছেলে। ঘটনার পর ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়ার আলী মোল্লার সাথে একই গ্রামের সরোয়ার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে চাপুলিয়া গ্রামের আমিরুল মাষ্টারের জমির পাট সরোয়ার মোল্যার ছাগলে খায়। সে কারনে আমিরুল মাষ্টারের জমির বর্গাচাষী গফ্ফার শেখের ছেলে শিশু রকিব (১০) জমি থেকে ছাগল ধরে নিয়ে যায়। খবর পেয়ে ছাগলের মালিক সরোয়ার ও রমজান মোল্যা শিশু রকিবের কাছ থেকে জোর করে ছাগল ছিনিয়ে নেয়। এর জের ধরে সন্ধ্যা ৭ টার দিকে সরোয়ার মোল্যার নেতৃত্বে রমজান, আমির,গনি ও কালু রামদা, চাপাতি নিয়ে গফ্ফার শেখের বাড়িতে চড়াও হয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা রামদা, চাপাতি দিয়ে গফ্ফার শেখ (৪৬) কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। আহত গফ্ফারকে উদ্ধার করে প্রথমে কালিয়া হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গফ্ফারের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন । ঢাকায় নেয়ার পথে শনিবার (২২ জুলাই) ভোরে মাওয়া ঘাট এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। শনিবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিন্টু/জারিফ





