সাদুল্যাপুর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির (১৫) বাল্যবিয়ের চেষ্টার দায়ে ভাই মো. জহির উদ্দিনকে (২৮) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লা আল মামুন তালুকদার শনিবার দুপুর ২টায় এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জহির উদ্দিন সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
সাদুল্যাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী পরিমল চন্দ্র জানান, জহির উদ্দিন তার ছোট বোন মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতির বিয়ে ঠিক করেন।
গোপন সংবাদে শুক্রবার রাতে মেয়ের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভাই জহির উদ্দিনকে আটক করা হয়। শনিবার দুপুরে জহিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, দণ্ডপ্রাপ্ত জহিরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এমবি





