কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারিয়াকান্দি পয়েন্টে বাঙালি নদীর পানি বেড়ে আবারও বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বেড়ে গেছে যমুনা নদীর পানিও। এতে তলিয়ে গেছে দু’টি নদীর তীরবর্তী ফসলের ক্ষেত।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর বাঙালি নদীর পানি ৫৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় যমুনা নদীর পানিও বিপদ সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পানি বৃদ্ধির কারণে যমুনার চরাঞ্চল উপজেলার চালুয়াবাড়ী, কাজলা, কর্নিবাড়ী, বোহাইল ইউনিয়ন ও বাঙালি নদীর তীরবর্তী নারচী, ভেলাবাড়ী, ফুলবাড়ী নিম্নাঞ্চলে সদ্য রোপণকৃত গাইঞ্জা ধান ও মাসকলাই পানিতে তলিয়ে যাচ্ছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর