মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে সোমবার দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে গেছে। বেলা একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকাজ চলছে।
বেলা আনুমানিক ১১টায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি শরীয়তপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া লঞ্চঘাটে যাচ্ছিল।
মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খালিদ হোসেন বেলা একটার দিকে জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে লঞ্চটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মাওয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূইয়া জানান, লঞ্চটি কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে মাওয়ার দিকে আসছিল। এতে দুই শতাধিক যাত্রী ছিল। তাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে ঢাকা ফিরে যাচ্ছিলেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা লঞ্চ ও সি বোটের মাধ্যমে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। বিআইডব্লউিটিএ'র উদ্ধাকারী জাহাজ ঘটনাস্থলে রওয়ানা করেছে।
ঢাকা, ৪ আগষ্ট,টাইমনিউজবিডি.কম, কেএ ,এসআর





