নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে কলেজপড়ুয়া তিন বোনের মধ্যে বর্ষা (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এক বোন মম (১৫)। অপর বোন মৌ (২২) কে উদ্ধারের পর অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপাড়া এলাকায় নবগঙ্গা নদীতে গোসলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত বর্ষা শহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ী বাবর আলীর মেয়ে ও মাগুরা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। মৌ ও মম বর্ষার চাচাতো বোন। এর মধ্যে মৌ ঢাকা ইডেন কলেজের ছাত্রী।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, সন্ধ্যা ছয়টার দিকে নিজনান্দুয়ালী চরপাড়া ঘাটে গোসল করতে নামে তিন বোন বর্ষা, মৌ ও মম। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন খোঁজাখুজি করলে বর্ষাকে উদ্ধার করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বর্ষার চাচাতো বোন নিখোঁজ মৌকে রাত সাড়ে নয়টার দিকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মমর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
এমকে





