ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় চারস্তর বিশিষ্ট নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাহবাগ থেকে শুরু করে চানখারপুল হয়ে পলাশীর মোড় পর্যন্ত এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত বাড়তি নিরাপত্তার আওতায় থাকবে। এসব এলাকা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা হবে। যাতে কেউ কোনো ধরনের অপরাধমুলক কর্মকাণ্ড ঘটাতে না পারে।

আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, আমরা কখনো বলিনি আমাদের হুমকি নেই। তবে সুস্পষ্ট, সুনির্দিষ্ট হুমকি নেই। একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত করাসহ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।

শহীদ মিনারে ফুল দিতে যাওয়া খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এ দেশের জনগণ সবাই সমান। প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করবো।

কমিশনার বলেন, শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৯ হাজার পুলিশ মোতায়েন থাকবে। যার মধ্যে আট হাজার পোশাকধারী। আর এক হাজার পুলিশ থাকবে সাদা পোশাকে। শহীদ মিনারে প্রবেশের প্রত্যেকটি গেইটে থাকবে আর্চওয়ে। সেখানে নারী ও পুরুষ পুলিশ সদস্যরা মেটাল ডিটেকটর দিয়ে সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দিবেন।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারের আশপাশের কয়েকটি এলাকায় যানবাহন ও মানুষ চলাচল বিধি নিষেধ থাকবে।

জেএইচ