ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, ইসলামবিনাশী প্রস্তাবিত শিক্ষা আইন পরিবর্তন না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে চলমান এই আন্দোলন হঠাৎ গড়ে উঠা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়।

দীর্ঘদিনের ইসলাম বিরোধিতার ফলে সৃষ্ট উত্তাপের বিষবাষ্পের সামান্য উদগীরণ। তিনি ধর্মীয় পটভূমিকে স্মরণে রেখে স্কুল, কলেজ ও মাদ্রাসার সিলেবাস প্রণয়ন এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ঈমান-আক্বিদা, বিশ্বাস, মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বিনাশী নাস্তিক্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী ভাবাদর্শের রচনা, গল্প ও কবিতার পরিবর্তে আগামী শিক্ষা বর্ষের জন্যে প্রকাশিতব্য পাঠ্যপুস্তকে ইসলামী ভাবধারার মুসলিম লেখকদের প্রবন্ধ-নিবন্ধ ও গল্প-কবিতা পুনঃপ্রতিস্থাপনেরও জোর দাবি জানান।

প্রস্তাবিত শিক্ষা আইনের প্রতিবাদে লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রশীদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন, যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা জিয়াউল হক মজুমদার।

আরও উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা একে এম আশরাফুল হক, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, ওবায়দুল হক, মাওলানা ইসহাক, মাওলানা নাসিরুদ্দীন, মাওলানা খোরশেদ আলম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন, মাওলানা যোবায়ের প্রমুখ।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণীর জন্যে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্য পুস্তক থেকে ইসলামী ভাবধারার মুসলিম লেখকদের প্রবন্ধ ও গল্প-কবিতা বাদ দিয়ে তদপরিবর্তে নাস্তিক্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, বিধর্মীয় ভাবাদর্শের রচনা, গল্প ও কবিতা প্রতিস্থাপনের কতিপয় দৃষ্টান্ত তুলে ধরেন।

আব্দুল লতিফ নেজামী বলেন, বিধর্মীয়করণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রণীত অগ্রহণযোগ্য জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণীত শিক্ষা আইন একপেশে, একমুখী, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধারণকৃত মূল্যবোধের পরিপন্থী এবং ইতিহাস-ঐতিহ্য বিরোধী। স্বকীয়তার চেতনাকে সঞ্জীবিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট ইসলামী শিক্ষা রহিতকরণের ষড়যন্ত্র মূলতঃ শিক্ষাকে বিধর্মীয়করণ প্রক্রিয়ারই ধারাবাহিকতা মাত্র।

তিনি ধর্মীয় পটভূমিকে স্মরণে রেখে স্কুল, কলেজ ও মাদ্রাসার সিলেবাস প্রণয়নের দাবি জানিয়ে বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত জনগণকে সাথে নিয়ে ইসলামী ঐক্যজোট দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।

এমআর