চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন ভুক্তভোগীদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিফট ছিঁড়ে আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চমেক হাসপাতালের ৫ তলার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ৩ নম্বর লিফটে চড়ে নামার সময় নিচতলার কাছাকাছি এসে বিকট আওয়াজে লিফটটি ছিঁড়ে পড়ে।

তবে এতে কারো গুরুতর কোনো ক্ষতি হয়নি। কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সবাই। এ সময় তাঁর সঙ্গে লিফটের মধ্যে দলের বেশ কয়েকজন নেতা ও লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া ছিলেন।

লিফট অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বলেন, রাতদিন ২৪ ঘণ্টা লিফটটি চলে, কোনো বিশ্রাম না থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে দুর্ঘটনা ঘটেছে।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও যুগ্ম সম্পাদক মো. রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর বিএনপির সহসভাপতি মো. আজিজ ও ইয়াসিন চৌধুরী লিটন।

গতকাল রোববার সকালে মহানগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়ির গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে আজ দুপুরে ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে চমেক হাসপাতালে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরে পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আক্তারুল আলমকে দুর্ঘটনার বিষয়টি জানান।

এএস