বরিশালে কলেজ ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি ও ভয়ভীতি দেখানোর মামলায় এক পুলিশ কনস্টেবলকে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার বরিশাল মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন আবেদন মঞ্জুর করেন।


মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অরবিন্দ বিশ্বাস বলেন, সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র এসএম আসিফ জামানকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন তার বাবা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২এর এজিএম মো. ওয়াহিদুজ্জামান।

গত ১২ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় বরিশাল মহানগর পুলিশ লাইনসের কনস্টেবল মো. আল আবিদ ও গোলাম আল রাজী বনি নামে স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

এসআই বলেন, ‘মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কি না এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আবিদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে তিন দিন মঞ্জুর করে আদালত।’

অপরদিকে বনিকে রিমান্ডে নেওয়ার বিষয়ে এসআই অরবিন্দ বলেন, ‘তার কাছ থেকে যা জানার তা জানা হয়েছে।’
এমএম