সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহের কথা জানান।
অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নিজ নিজ আধুনিকায়নের পথে চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করেছে। দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়ভাবে টিকে রয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শি জিনপিং বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।
চীনের প্রেসিডেন্ট বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন।
এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও গভীর ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শি জিনপিং আশা করেন, দুই দেশের সম্পর্কের অগ্রগতির সুফল ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণ আরও ভালোভাবে ভোগ করতে পারবেন।
এস