গভীর রাতে ডাকাত দলের গুলিতে এক ব্যবসায়ী নিহত ও নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের কাইকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর বেপারী (৩৪) ভদ্রাসন এলাকার নুরুল ইসলাম বেপারীর ছেলে। আহত অন্যান্যরা হলেন, প্রতিবেশী সুশান্ত সাহা (৩৮), প্রশান্ত সাহা (৩৪), চম্পা সাহা (৩০) ও বাড়ির মালিক জঙ্গল সাহা (৬৮)।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার রাত ৩টার দিকে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের কাইকরপাড়া এলাকার মুদি ব্যবসায়ী জঙ্গল সাহার বাড়ির দরজা ভেঙে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে।
মুহূর্তের মধ্যে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতির ঘটনা বুঝতে পেরে এগিয়ে আসে। মালামাল লুট করে যাওয়ার সময় ডাকাতদের ধাওয়া দেয় এলাকাবাসী।
এ সময় ডাকাতরা এলাকাবাসীকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে প্রতিবেশী জাহাঙ্গীর বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও ডাকাতদের হামলায় সুশান্ত সাহা (৩৮), প্রশান্ত সাহা (৩৪), চম্পা সাহা (৩০) ও বাড়ির মালিক জঙ্গল সাহা (৬৮) গুরুতর আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী জঙ্গল সাহার বড় ছেলে খোকন সাহা জানান, ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তারা ২০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শিবচর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের খান জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে শহিদুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। শহিদুল একই এলাকার হযরত মাতুব্বরের ছেলে। এ ঘটনার জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
এআর





