পুরান ঢাকার তাঁতীবাজারে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় দেড়শ ভরি সোনা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত ব্যবসায়ী গৌরাঙ্গ ঘোষকে (৫০) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘শ্রী কৃষ্ণ গুলিয়ান স্টোর’র মালিক।
ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, তাঁতীবাজারে দোকান থেকে গৌরাঙ্গ সোনার ব্যাগ নিয়ে কাছেই বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়।
ব্যাগে প্রায় দেড়শ ভরি সোনা ছিল বলে গৌরাঙ্গের ছেলে লিটন ঘোষ পুলিশকে জানান।
পুলিশ কর্মকর্তা আহাদ বলেন, ঘটনাস্থল থেকে আশিফ নামে এক দুর্বৃত্তকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে।
গৌরাঙ্গ হাসপাতালে বলেন, হেঁটে বাসায় যাওয়ার পথে পাঁচজন দুর্বৃত্ত তার সোনার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তার বাম পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়।
গুলি চালানোর আগে দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমাও ফাটায় বলে তিনি জানান।
গৌরাঙ্গ বলেন, আশপাশের লোকজন ধাওয়া দিয়ে এক দুর্বৃত্তকে ধরে ফেলে।
মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, গৌরাঙ্গের হাঁটুর নিচে একটি গুলি লেগেছে।
এএইচ





