রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার আলী আহমেদ খান। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়।
আলী আহমেদ খান জানান, দমকল বাহিনীর ২০টি ইউনিটের ১০০ ফায়ার ফাইটার সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের খবর খবর পাওয়া যায়নি।
ভবনটিতে এনটিভি, আরটিভি, আমার দেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ফায়ার সর্ভিস কর্মীরা ভবনটির সামনে ও পেছনে মই লাগিয়ে এবং পাশের ভবনগুলো থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের ১২ তলায় এনটিভির অফিসও রয়েছে। সাত তলায় রয়েছে আরটিভি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানাতে পারেননি কেউ।
দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি জানিয়েছেন, শুক্রবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় পরিবর্তন করে গুলশানের নিকেতনে নেয়ার কথা ছিল। এ জন্য পত্রিকাটির গুরুত্ব কাগজপত্র ও মালামাল গতকালই গুছিয়ে রাখা হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার হওয়ায় ভবনের অধিকাংশ অফিস বন্ধ ছিলো। শুধুমাত্র গণমাধ্যম অফিসগুলোর কর্মীরা ছিলেন। তবে ভবনের ওপরের ফ্লরে আগুন লাগায় অধিকাংশ কর্মীরাই বের হয়ে আসতে পেরেছেন বলে অনুমান করেছেন তিনি।
এসএইচ, জেএ





