রাজধানীর জুরাইনে ট্রেনে কাটা পড়ে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেনের নিচে পড়ে আমিনুল ইসলাম নামের ১৬ বছর বয়সী ওই কিশোর নিহত হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন।

তিনি বলেন, আমিনুল বুদ্ধি প্রতিবন্ধী। জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে ওসি রকিবুল বলেন, “শনিবার বাড়ির কাছেই এক আত্মীয়র বাসায় গিয়েছিল আমিনুল। রাতে সে বাসায় ফেরার জন্য ওই আত্মীয়র বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবার খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। এরইমধ্যে জুরাইনে রেললাইনে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা সেখানে যান এবং আমিনুলকে শনাক্ত করেন।”

স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এমবি