নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ থেকে সাত হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব জাল জব্দ করা হয়।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শামসুল হকের জানান, অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে জাল রেখে পালিয়ে যান। উদ্ধার করা জালের মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দ করা জাল আজ সকালে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৫ থেকে ১৫ অক্টোবর সাগর ও নদ-নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এ সময় ইলিশ ধরা, বাজারজাত, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের ২৪ জেলার নদ-নদীতে এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
এআর





