লালমনিরহাটের হাতীবান্ধায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের গ্রাহকের নামে ঋণ তুলে প্রায় কোটি টাকা আত্মসাত করার অভিযোগে ওই ব্যাংকের হাতীবান্ধা শাখা ম্যানেজার আশরাফ সিদ্দিকী ও সিনিয়র অফিসার (মাঠ) আজিজুর রহমান এর বিরুদ্ধে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে ওই কৃষি ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, ভুক্তভোগী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

জানা গেছে, প্রায় ৪০ জন গ্রাহকের ঋণের টাকা আত্মসাত করেন আশরাফ সিদ্দিকী ও সিনিয়র অফিসার (মাঠ) আজিজুর রহমান। গ্রাহকরা বিষয়টি বুঝতে পেরে তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করলে অল্প কিছু টাকা দিয়ে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করেন তারা। এর কয়েক দিনের মধ্যে ম্যানেজার আশরাফ সিদ্দিকী অন্যত্র বদলী নিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতা বৈঠকও করেন সিনিয়র অফিসার (মাঠ) আজিজুর রহমান।

কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগও করেন গ্রাহকরা।

অভিযোগের পর থেকে প্রায় এক মাস ধরে ব্যাংকে আসছেন না আজিজুর রহমান। আবার ম্যানেজার আশরাফ সিদ্দিকীর সাথেও যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নুরনবী/এমবি