রাজধানীর দারুস সালাম এলাকায় টেকনিক্যাল মোড়ে নির্মাণাধীন ৪তলা ভবনের একতলা থেকে পড়ে আবদুল খালেক (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এ সময় তাকে গুরুতর আহতাবস্থায় তার চাচা কোরবান আলী পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক বলেন, নিহত খালেক লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





