নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত হোজিং গার্মেন্টস কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, গার্মেন্টসের সুপারভাইজার জামাল হোসেন (২৮), সিনিয়র অপারেটর খাদিজা (৩০), সাদেকুল (৩৫) আবুল কালাম (৫০) ও রুবেল (২৮)। তাদেরকে কারখানার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র ও খানপুরে ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, কারখানাটিতে ১ হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। যার মধ্যে নিটিং সেকশনে কর্মরত ৫০০ শ্রমিক। কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের পর আন্দোলন করা শ্রমিকদের ছাটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এসব নিয়ে সোমবার বিকালে এক দফা মালিকপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
পরে মঙ্গলবার সকালে কারখানা শ্রমিকেরা মালিকপক্ষের লোকজনকে অবরোধ করে দাবি আদায়ের জন্য বিক্ষোভ করলে মালিক ও শ্রমিকপক্ষের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা শামীমুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। মালিক, শ্রমিক ও শিল্প পুলিশসহ বৈঠক করে সমঝোতার চেষ্টা চলছে।
এমবি





