ফেনীর আদালতে আত্মসমর্পণ করেছেন বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক আসামি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আদেল ও পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল আলম মিষ্টার।
আজ সোমবার বেলা ১২টার দিকে তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক আলমগীর মোঃ ফারুকী জামিন আবেদন নাকচ করে তাদের জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয়া হয়।
এ ঘটনায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌর কাউন্সিলর আবদুল্লাহিল মাহমুদ শিবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদসহ ৩১ জন কারাগারে রয়েছেন। আদেল-মিষ্টারসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আদালতে চার্জশীট দাখিল করেন।
ইআর





