বরগুনার তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড বিম ভেঙ্গে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা বেগম (৮) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০  শিক্ষার্থী। এরমধ্যে ৩ শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

আজ (০৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৫নং ছোটবগী পিকে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত মানসুরা উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।  

পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু জানান, বিদ্যালয়ের  তিন কক্ষের একতলা ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মান করেন, বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মানের এক বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরেছিলো।  

আজ ক্লাস চলাকালে বেলা সাড়ে বারোটার দিকে গ্রেড বিম ভেঙ্গে ১০ জন শিক্ষার্থী আহত হয়।

মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরা বেগমকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। রুমা আক্তার, ইসমাইল হোসেনসহ আহত ৩ শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, তার শ্বাশুড়ির অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। বিম ধসে শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করেছেন।  

আমতলী থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত মানসুরার লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছেন, তবে তারা অনেকটা আশংকামুক্ত। 

এমবি