রাঙামাটির কাপ্তাইয়ের কাছে কাঠবোঝাই একটি জিপ (স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত) উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাইখালী ইউনিয়নের বড়খোলা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান।
চেকপোস্টে ওই গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুটা সামনে গিয়ে রাস্তার মাঝখানে গাড়ি উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
নিহত সাদ্দাম হোসেনের (৩৭) বাড়ি চট্টগ্রামের কোদলা জামছড়ি এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর স্থানীয়দের একটি দল বিজিবি চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ আলী জানান।
তবে চেকপোস্টে কেন আগুন দেওয়া হল, ওই গড়ির চালক কেন পালানোর চেষ্টা করছিলেন- সেসব প্রশ্নের উত্তর মেলেনি পুলিশের কথায়।
সংঘর্ষে আহত দুই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও তাদের নাম বলতে পারেননি ওসি।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।
এমআর





