গাড়ি ভাঙচুরের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচারক বেগম ফারজানা খান পরবর্তী শুনানির জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন।

চার্জশিটে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা ছাড়াও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ দলটির ৪৩ নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম। তিনি জানান, বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক এমএ ফরিদ বাদী হয়ে মেয়র এম এ মান্নান, বিএনপি নেতা ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীর নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেআই