রাজধানীতে আব্দুল আজিজ (৩০) নামে এক রিকশাচালকের নগদ আশি হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে মিরপুর-২ নম্বর হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া বেগম জানান, এক আত্মীয় কুয়েত থেকে তার জন্য (আব্দুল আজিজ) ভিসা পাঠিয়েছেন। জমি বিক্রি করে টাকা সংগ্রহ করে বাগেরহাট থেকে ভোরে ঢাকা আসেন।
এ সময় হার্ট ফাউন্ডেশনের সামনে আসলে কয়েকজন ছিনতাইকারী স্বামীর গতিরোধ করে ও সঙ্গে থাকা নগদ আশি হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে না চাইলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা টাকা নিয়ে পালিয়ে যায়। স্বামী পেশায় রিকশাচালক বলে জানান রাবেয়া বেগম।
মেডিকেল ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





