রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ হত্যার ক্লাস-পরীক্ষা বর্জন করে রাবির প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে আসে শিক্ষার্থীরা।
পরে তারা মহাসড়কো দু’পাশে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে দাঁড়ায়। এতে মুহূর্তে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষক হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ‘এক দফা এক দাবি স্যারের হত্যার বিচার চাই’, ‘আমার স্যার মরলো কেন? প্রশাসন জবাব চাই’ ‘আমার বাবা মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক।
এর আগে হত্যাকাণ্ডের চতুর্থ দিনেও সকাল থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিতে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
শিক্ষক সমিতি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলেও ইংরেজি বিভাগ ও বিভিন্ন সংগঠন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আহ্বানে ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়। ফলে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়েল ৫৭টি বিভাগের কোনো বিভাগেই ক্লাস হয়নি।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালাবাগান এলাকার বটতলা মোড়ে মহাসড়কের কাছাকাছি গলিতে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন অধ্যাপক রেজাউল করিম।
এসএম





