ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে আঘাত হেনেছে। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে ঘূর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে।
আজ (১০ নভেম্বর) রোববার সকাল সাড়ে ৫টায় আবহাওয়া কার্যালয়ের সবশেষ ২৯ নম্বর বুলেটিনে বলা হয়েছে, এটি এখন খুলনা ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইছে দমকা ও ঝড়ো হাওয়া।
আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ বিকেল নাগাদ ‘বুলবুল’ আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বাংলাদেশ অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার লালমোহন, চরফ্যাশনসহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। আহত হয়েছে অন্তত ১৫ জন। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলের নয় জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি বহাল আছে চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ৯ নম্বর মহাবিপদ সংকেত।
ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি এর কেন্দ্রের মধ্যে ঘণ্টায় ৫ থেকে ৮ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরো দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে বিকেল নাগাদ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ১০০ কিলোমিটার।
এমবি





