চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মোগলটুলি এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে (৩৫) নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। তার ডান হাতের কবজি কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

সোমবার সকাল ১০টার দিকে সদরঘাট থানা পুলিশ মোগলটুলি দু’নম্বর 12গলির বার কোয়ার্টার এলাকায় কাঁচাবাজারের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ বলেন, বাজার থাকায় পুরো এলাকা জনবসতিপূর্ণ। কিন্তু স্থানীয়রা কেউই হত্যাকাণ্ডের ঘটনা দেখেনি বলে জানিয়েছেন। এলাকার মধ্যেই কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এলাকার কেউ নিহত ব্যক্তিকে চিনতে পারছে না। তার নাম-পরিচয় কিছুই এখনও পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। কারা, কি কারণে তাকে খুন করেছে সেটাও জানার চেষ্টা করছি।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঁচাবাজারের পাশে একটি দেয়ালের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় বসা ছিলেন ওই ব্যক্তি। তার থেকে প্রায় ১২ হাত দূরে বিচ্ছিন্ন অবস্থায় ছিল ডান হাতের কবজি। পুরো শরীর ক্ষতবিক্ষত।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁচাবাজারের স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ