রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে ভাড়াটিয়াসহ তিনজনকে কুপিয়ে জখম করে বাড়িওয়ালার বাসা থেকে ৩০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা।
পূর্ব গোড়ানের ৪৬৪ নম্বর বাসায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাড়িওয়ালার ছেলে গোলাম কবীর (৪৫), ভাড়াটিয়া ফয়েজ উদ্দিন (৪০) ও ফয়েজ উদ্দিনের আত্মীয় ফরিদ উদ্দিন (৫৫)।
গোলাম কবীর জানান, তাদের চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন তিনি। ভোরে তার কক্ষের গ্রিল কেটে গামছা দিয়ে মুখবাঁধা ৩-৪ জন ঘরে প্রবেশ করে।
পরে তারা দ্বিতীয় তলার দরজা খুলে তৃতীয় তলায় প্রবেশ করে তার বাবা গোলাম সোরোয়ারসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
তিনি জানান, পরে স্বর্ণালংকারসহ টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকেরা চিৎকার করলে গোলাম কবীরসহ ভাড়াটিয়া ফয়েজ উদ্দিন ও তার আত্মীয় ঘর থেকে বাইরে এলে ডাকাতরা তাদের হাতে ও দেহের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। ফয়েজ উদ্দিনের অবস্থা বেশি গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল হোসেন জানান, এ পরিবারের কাছ থেকে ৩০ ভরি স্বর্ণসহ এক লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুইজনকে প্রথমে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের হাতের রগ কেটে যাওয়ায় পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এমকে





