ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৭ মাসের কন্যা শিশু বিথীকে ছুরিকাঘাতের ঘটনায় জহুরুল ইসলাম (২২) ও শাহাদত হোসেন (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার চান্দনা নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী বিকেলে স্থানীয় সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৩ মার্চ (রোববার) জমি সংক্রান্ত বিরোধের জেরে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা গ্রামের শাহজাহানের নেতৃত্বে ১৭ মাসের কন্যাশিশু বিথীর পেটে ছুরিকাঘাত করা হয়।
পরে বিথীর বাবা দীন ইসলাম বিথীকে হত্যা চেষ্টার অভিযোগে শাহাজাহানকে প্রধান আসামি করে ১১ জনের নামে নান্দাইল থানায় মামলা দায়ের করেন।
এমআইএস।





