ভোলার বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে হাসান (২০) ও রাকিব (১৯) নামের ২ শ্রমিককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।   

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কুদ্দুস এই রায় প্রদান করেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা সড়ক দিয়ে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৩ ছাত্রী স্কুলে আসার পথে ইভটিজিং করেন ২ শ্রমিক।   

স্থানীয়রা বোরহানউদ্দিন থানায় খবর দিলে ওসি তদন্ত আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২ শ্রমিককে আটক করেন।  

পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ২ শ্রমিককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন।  

হাসান ভোলা পৌর ৫নং ওয়ার্ডের জুলাসের ছেলে, রাকিব ভোলা সদর ইলিশা চর জাঙ্গালিয়া এলাকার লোকমানের ছেলে। তারা ২ জনই বোরহানউদ্দিন উপজেলা সড়কে মাশাআল্লাহ ওয়ার্কশপে শ্রমিক হিসাবে কাজ করতেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে ভোলা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাহীন/এমবি