নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদ ও বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা।

আজ (২০ নভেম্বর) বুধবার সকাল সোয়া ৬টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চলাচলরত গাড়ি আটকে দেয় এবং গাড়িগুলো থেকে চালকদের নামিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

এরপরে মহাসড়কের দুই পাশে গাড়িগুলোকে এলোমেলো করে রেখে রাস্তা অবরোধ করে রাখে। সর্বশেষ খবর অনুযায়ী বুধবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিকদের এই ধর্মঘট চলছে।

পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।

ধর্মঘটের কারণে ঢাকাগামী এবং বিভিন্নরুটে যাতায়াতকারী শত শত মানুষ রাস্তায় আটকা পড়েছেন। বিশেষ করে অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আটকেপড়া ব্যাংক কর্মকর্তা মিলন রহমান জানান, বুধবার সকালে অফিসে যাওয়ায় পথে সাইনবোর্ডে আটকা পড়েছি। পরিবহন শ্রমিকরা কোনো যানবাহন যেতে দিচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহউদ্দিন আহমেদ।

শ্রমিকদের ধর্মঘট নিয়ে সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো: জিয়াউল করিম জানান, বুধবার সকাল সোয়া ৬টা থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে মহাসড়কের উভয়পাশ বন্ধ করে দেয়।

শ্রমিকদের সাথে কথা বলে পুলিশের এই কর্মকর্তা জানান, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

এমবি