ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলের নাম পরিবর্তন নিয়ে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৮টি দোকান ভাঙচুরসহ উভয়পক্ষের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও শটগানের গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে পাঁচজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ কবীর জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা-চুয়াডাঙ্গা বিসিবি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানের নামকরণ পরিবর্তন নিয়ে দুই গ্রাম ও চুয়াডাঙ্গা জেলার বাটিকাডাঙ্গা গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সোমবার সকাল ৯টায় গ্রাম তিনটির লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ভোমরাডাঙ্গা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বাজারের কমপক্ষে ৮টি দোকান ভাঙচুর ও উভয় পক্ষের ৪/৫ বিঘা জমির কলা ও সবজির ক্ষেতের ফসল নষ্ট করে।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয় রাউন্ড গুলিবর্ষণ ও দুই রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে পাঁচজনসহ অন্তত ১০ জন আহত হন।
গুলিবিদ্ধ আহতদের মধ্যে চুয়াডাঙ্গা গ্রামের বাবলু ও রিয়াজ এবং বাটিকাডাঙ্গা গ্রামের সবদুল হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফাল্গুনী সাহা জানান, গুলিবিদ্ধ তিনজন এখন আশঙ্কামুক্ত।
কেএইচ





