ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রতন মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় সরাইল থানার ওসি মো. আলী আরশাদ ও এসআই আবদুল আলীমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় একদল স্বশস্ত্র ডাকাতদল রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার জানান, নিহত রতন মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এমই





