খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙার পূর্ণ দায়িত্বে ও গুইমারা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে বিগত কয়েক দিন ধরে চলা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমানকে নিয়ে গত কয়েকদিন ধরে কিছু কিছু অনলাইন গণমাধ্যমে ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হচ্ছে দাবি করে অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মাটিরাঙা ও গুইমারার সর্বস্তরের জনগণ।

মাটিরাঙা প্রেস ক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম জানান, মাটিরাঙা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুভাষ চাকমার অন্যায় আবদার না রাখায় ইউএনও বি.এম মশিউর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ তোলা হচ্ছে। টাকার বিনিময়ে হলুদ সাংবাদিকতা করে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ঐসব সংবাদ প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। ইউএন সকল অর্জনকে ম্লান করতে সুভাষ চাকমার বিষবাষ্পে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সহ্য করা হবে না বলে হুশিঁয়ারী দিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: হারুন মিয়া।

গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবু মেমং মারমা জানান, ইউএনও বি এম মশিউর রহমান এর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মাটিরাঙা ও গুইমারাবাসী সোচ্চার। এসময় স্বার্থান্বেষী সুভাষ চাকমা সহ গুজবের সাথে সম্পৃক্ত সকলের শাস্তি দাবি করেন তিনি।

মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরঞ্জয় ত্রিপুরা জানান, বি.এম মশিউর রহমানের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। অন্যায়ের সাথে আপোষ না করায় গণমাধ্যমকে হাতিঁয়ার হিসেবে ব্যবহার করে মিথ্যা, মনগড়া ও বানোয়াট সংবাদ পরিবেশনা করা হয়েছে উল্লেখ করে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।