যশোর-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমবার বিকালে মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বিলায়েত হোসেন (৫৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জের নেংড়ি গ্রামের বাসীন্দা।

আহতরা হলেন, সাতক্ষীরার শিংদাড়ি গ্রামের নাজির আলির ছেলে গোলাম শেখ (৬০), শ্যামনগরের চন্ডিপুর গ্রামের সাদেক আলির ছেলে লুৎফর রহমান (৫০), শার্শার বসতপুর গ্রামের দেওয়ান বক্সের স্ত্রী ছখিনা খাতুন (৬৫), অন্য আর এক জনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাসটি (গাজিপুর জ-০৫-০১২৪) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এই সময় স্থানীয়রা বাসযাত্রীদেরকে উদ্ধার করে।

আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। বাসটি আটক করা গেলেও ঘাতক চালক ও সহকারিকে আটক করা যায়নি।

কেএইচ