পার্বত্য খাগড়াছড়িতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার স্বাক্ষী উপস্থিত না থাকায় জেএমবি’র ১৬ সদস্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত স্বাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য্য করেছে জেলা ও দায়রা জজ আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেএমবি’র ১৩ সদস্যকে জেলা ও দায়রা জজ আদালত রত্নেশ্বর ভট্টাচার্যের আদালতে হাজির করা হয়।

এদের মধ্যে ১০ জেএমবি সদস্যকে বিভিন্ন জেলার কারাগার থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। অপর ৩ জন জামিনে থাকায় আদালতে এসে হাজিরা দেয়।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় সদর থানায় জিআর ১৯৩/০৫ মামলা দায়ের করা হয়। ওই মামলার ১৬ আসামীর মধ্যে ১৩ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার আদালতে উপস্থিত করা হয়। আদালতে স্বাক্ষীরা হাজির না হওয়ায় জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্যের আদালতে স্বাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে।

জেএমবি সদস্যরা হলেন- রুহুল আমিন সুফী, রুহুল আমিন, মো. ফারুক হোসেন, মো. মঞ্জু মিয়া, মো. ইসমাইল হোসেন, আইয়ূব আলী, আরিফুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এরশাদ হোসেন, আবুল কালাম আসাদকে বুধবার আদালতে হাজির করা হয়। জামিনে থাকা এমদাদুল হক, হাসান আল মাহমুদ ও আ: করিম আদালতে হাজির ছিল। অসুস্থ থাকায় মো. শহিদুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিল।

এছাড়া এ মামলায় মো. বেলাল নামে অপর এক জেএমবি সদস্য পলাতক ও এনায়েত উল্লাহ নামে আরেক আসামী সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছে।

আবু বকর ছিদ্দিক/এমবি