নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে একটি যাত্রীবাহী মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের নাম আবদুল মান্নান (৫০)। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই ইউনিয়নের বারীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশায় থাকা অপর ৩ যাত্রীও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবদুল মান্নান উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম একলাশপুর গ্রামের নূরুল হকের ছেলে। তবে, আহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে আবদুল মান্নান জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি আসছিলেন।
পথে চৌমুহনী-মাইজদী সড়কের একলাশপুর বাজার সংলগ্ন বারীর পুল এলাকায় তাদের অটোরিকশাটিকে চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুছড়ে গেলে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা অপর ৩ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
জেইউ





