সৌদি বর্ডার গার্ড’র ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেছে।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে আজ (২৯ এপ্রিল) সোমবার সকাল ১০টায় সৌদি বর্ডার গার্ডের মহাপরিচালক ভাইস এ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি (Vice Admiral Awwad Eid Al Aradi Al Balawi)’র নেতৃত্বে ১৩ সদস্যের সৌদি প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তর, পিলখানায় এসে পৌঁছায়।
এসময় বিজিবি’র মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সৌদি বর্ডার গার্ড মহাপরিচালক এবং অন্যান্য সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান।
মহাপরিচালক সৌদি বর্ডার গার্ড, বিজিবি মহাপরিচালকের কার্যালয়ে এসে পৌঁছালে বিজিবি'র একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার প্রদান করে।
এরপর তিনি বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি (Major General Md Shafeenul Islam, ndc, psc) এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে ব্রিফিং ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে সৌদি প্রতিনিধিদলকে বিজিবি'র কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এছাড়াও সৌদি প্রতিনিধিদল পিলখানাস্থ বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি'র প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে আকর্ষণীয় ট্রিক ড্রিল (Trick Drill) এবং বিজিবি ডগ স্কোয়াডের কর্মকৌশলের উপর একটি মনোজ্ঞ মহড়া উপভোগ করেন।
উল্লেখ্য, সৌদি বর্ডার গার্ড প্রতিনিধিদলটি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসে এবং সফরশেষে আগামী ০১ মে দেশে ফিরে যাবে।
এমবি





