সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তাঘাটে নেই কোনো মানুষের চিহ্ন।
আজ শনিবার সকাল থেকে শহরের রাস্তাগুলো ছিল একেবারেই ফাঁকা। সেই ফাঁকা রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলাকা।
মহামারি করোনার বিস্তার রোধে গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। যা চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। গত বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, লকডাউন চলাকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে সড়ক, রেল ও নৌ-পথে চলাচলরত সব ধরনের যন্ত্রচালিত যানবাহন।
অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকলেও চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় দুই-একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া চোখে পড়েনি অন্যান্য যানবাহনের। মার্কেটসহ ফুতপাতের দোকান বন্ধ রয়েছে । মার্কেট এলাকাজুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা।
নিউমার্কেট এলাকার রিকশা চালক মোঃ সেলিম বলেন, ' গ্রামে বউ পোলাপাইন অনেক কষ্টে আছে। গত তিন দিন কোন আয় ইনকাম নাই। যে কয়টেকা ইনকাম হয় তা দিয়ে নিজের খরচ চালাতে পারিনা। বউ পোলাপাইনরে কি পাঠামু,।
মার্কেটের সামনে দিয়ে হেটে যাচ্ছেন পথচারী সোহাগ হোসেন। তিনি বলেন হরতাল অবরোধেও এই এলাকায় দোকান পাট খোলা থাকে। কিন্তু লকডাউনের কারনে সব বন্ধ।
এবিএস





